কুড়িগ্রামে র্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

প্রকাশ :
সংশোধিত :

কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩, রংপুরের একটি অভিযানিক দল।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩।
এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জেলার নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শুকুরটারী গ্রামের জনৈক আব্দুল মজিদ উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তার হাতে থাকা বস্তা তল্লাশি করে ৫ কেজি ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন নাছির উদ্দিন (৩২)। তিনি দক্ষিণ রামখানা শুকুরটারী এলাকার আব্দুল মজিদ উদ্দিনের ছেলে।
অপর একটি অভিযানে শুক্রবার ফুলবাড়ী থানার শিমুলবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নন্দিরকুঠি গ্রামের জুমারপাড় বাজার এলাকায় ফুলবাড়ী–নাগেশ্বরী সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে র্যাব-১৩। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকি ও সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয় এবং তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শুভ মিয়া (২১), আলমগীর (৩৫) ও রমজান আলী (১৯)। তারা তিনজনের মধ্যে দুইজন লালমনিরহাট এবং একজন নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে নতুন ও অভিনব কৌশলে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১৩, রংপুরের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।


For all latest news, follow The Financial Express Google News channel.